অরুণদার গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরুণদার গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দেখেছ কি কভু (গান)

গান- দেখেছ কি কভু
কথা- অরুণেন্দু দাস
সুর- Ralf McTell এর "Streets of London" অবলম্বনে।

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

দেখেছ কি, কভু কোনও পথচলা বৃদ্ধের শূন্য নয়নে নিঃসঙ্গ জীবন?
পৃথিবীর কাছে তার কোনও দাবী নেই আর, সুদূর অতীতে কোথা পড়ে আছে মন।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখেছ কি, কী যাতনা অসহায় তরুণের, জীবনের পথে বৃথা খোঁজা সংস্থান?
শুধু অনুকম্পাতে শুন্য সবল হাতে ক্ষয়ে যেতে থাকা দিনে সঁপে দেওয়া প্রাণ।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখেছ কি কী বেদনা আশাহত তরুণীর, কনে দেখা আলোতে আঁধারে কাটে দিন
ভুলে যাওয়া অভিমানে, মেনে নেওয়া অপমানে, বৃথা বয়ে যাওয়া রাতে বাসনা বিলীন।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখোনি কি কভু কোনও অতি কৃতকার্যতা, সাথে নিয়ে বসে থাকা একাকী হৃদয়?
কত আলো তাকে ঘিরে, শত স্তাবকের ভিড়ে, ভালোবেসে নেই কেহ করে নিতে জয়।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

[লন্ডন, ১৯৭৪]

বেশ তবে যাও (গান)

গান- বেশ তবে যাও
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম-
অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা
 

যদি চাও, বেশ তবে যাও 
যাবার আগে এ শুধু জানাও 

এ হৃদয়ে তোমার গাঁথা আছে যতনে অনেক 

দুজনার দিনগুলি এই, হয়ে নানা রঙে অনুলেখ।

জীবনে কখনও যদি দূর,
জুড়ে মন রব কাছে তাও।
যদি চাও, বেশ তবে যাও
যাবার আগে এ শুধু জানাও...


যে কখনও আবার দেখা হবে তখনও রঙিন 

রিমিঝিম বৃষ্টিধারায় বয়ে আনা অতীতের দিন।

বেদনার স্বাদ কী মধুর
কোনও ক্ষোভ রবে না কোথাও।
যদি চাও, বেশ তবে যাও
যাবার আগে এ শুধু জানাও...

যদি চাও...

[১৯৭৮]

সে ভেবেছিল (গান)

গান- সে ভেবেছিল
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

সে ভেবেছিল বুঝি মনে তার ভালোবাসা কিছু নেই,
তাই সে কখনও দেয় নি তো ধরা কারও ভালোবাসাতেই।

হঠাৎ মনের এ কী হল তার,
আকুলতা আরও কিছু পাবার
গুন গুন ফাল্গুন এসে তোলে হাহাকার।

সবই তো রয়েছে তবু মনে হয় কিছু যেন আর নেই,
হায় রে কখনও ধরা দিত যদি কারও ভালোবাসাতেই।

যত ঠিক আজ বেঠিক হয়,
হিসেবের পাতা পড়ে যে রয়
আপনি আপনার কি সে পেল পরিচয়?

ভালোবেসে যদি নাই নিল যদি কিছুরই তো দাম নেই,
নিজেকে খোঁজা যে হারাতেই শুধু কারও ভালোবাসাতেই।

[১৯৭০]

ভোলা যায় সব (গান)

গান- ভোলা যায় সব
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না।
দুরাশার দুরাচারে দাগা খাই বারে বারে,
তবুও সে জুড়ে থাকে হৃদয়ের আয়না।

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না...

এত গাই আমি তবু কখনও সে গায় না
মোর কাছে কোনও কিছু নেই তার বায়না।
যত সে এড়িয়ে চলে, তত যাই কত ছলে
ভুলেও কখনও কেন মোর পানে চায় না?

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না...


[বি.ই. কলেজ, শিবপুর, ১৯৬০]

মাঝে মাঝে মোরে (গান)

গান- মাঝে মাঝে মোর
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

মাঝে মাঝে মোর এই চিঠি-চিঠি চাওয়া
কিছু কি লেখার নেই, নাকি ভুলে যাওয়া?


যদিও তোমার মন রয়েছে জড়িয়ে
দিকে দিকে এখন পৃথিবী ছড়িয়ে।

(তবু) মাঝে মাঝে মোর এই...

বুঝি এ আমার ভুল, ধরে রাখা মনে
ঝরে গেছে যেই ফুল আকুল যতনে।

(তবু) মাঝে মাঝে মোর এই...

মিছে তবে গান মোর, যদি এর সুরে
না থাকে জাগানোর কারও কথা দূরে।

(তবু) মাঝে মাঝে মোর এই...

[১৯৭৫]

মাগো তোমায় (গান)

গান- মাগো তোমায়
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

মাগো তোমায় যে যাই বলুক, ক্ষ্যাপা নয় খেয়ালহারা,
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।


এই পৃথিবী পেল আমায় তোমার প্রেম আর অনুরাগে,
ভরলে আমার জীবন তুমি ভালোবাসায় সবার আগে।
ছিনিয়ে আমায় তোমার থেকে, কী ভালো চাইল কারা?
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...

যা কিছু মোর সার্থকতা সবই তোমার আশীর্বাদে,
দেখব তোমায় সুখী আমার রয় সে স্বপন সকল সাধে।
সিক্ত আমায় করুক সদাই, তোমার ওই স্নেহের ধারা,
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...


জন্মভূমির চাইতে বড় স্বর্গাদপি গরিয়সী
থাকতে আমি সাধ্য কী মোর সেই মায়ে কেউ মাখায় মসী।
তোমায় যারা করল পাগল, মোরে কি ছাড়বে তারা?
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...
[মুর অ্যাভেনিউ, ১৯৮৭]

চুপে চুপে এসো (গান)

গান- চুপে চুপে এসো
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

চুপে চুপে এসো হৃদয়ে, ওগো, চুপে চুপে
ধীরে, ধীরে ধীরে
ধীরে, আরও ধীরে
চুপে চুপে এসো হৃদয়ে, ওগো, চুপে চুপে।

ছুঁয়ে ছঁয়ে যাও গো আমায়, প্রাণে, ছুঁয়ে ছুঁয়ে
মৃদু, মৃদু মৃদু
মৃদু আরও মৃদু
ছুঁয়ে ছুঁয়ে যাও গো আমায়, প্রাণে, ছুঁয়ে ছুঁয়ে।

একে একে যায় যে প্রহর, যাক না, একে একে
সুখে, সুখে সুখে
সুখে, আরও সুখে
একে একে যায় যে প্রহর, যাক না, একে একে।

চুপে চুপে এসো হৃদয়ে, ওগো, চুপে চুপে।

[১৯৫৮]

কেন কাঁদি (গান)

গান- কেন কাঁদি
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

কেন কাঁদি? ভালোবাসি যে কান্নার সুর
যেন ভেসে চলে গান হয়ে বহুদূর।
কেন কাঁদি...

কথা আমার জানি নি তো কারে বলি
শুধু চলি, আপনাকে আপনি ছলি;
থামি হঠাৎ, মুছে যেতে থাকে সময়
আমি কারো নই, কেউ কি আমার নয়?

কেন কাঁদি...

রাখি আমি অচেতনে নিজেকে ঘিরে
আসি ফিরে, ছেড়ে যাওয়া দিনের তীরে;
মেলে দুচোখ দেখা তো হয় না আর
যা যাবার গিয়ে আরও কী রয়েছে আমার?

কেন কাঁদি...
[১৯৭০]

আমার প্রিয়া (গান)

শিরোনাম- আমার প্রিয়া
কথা ও সুর- টম প্যাক্সটনের "My Lady's A Wild Flying Dove" অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

প্রকাশ

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

কোনও মেয়ে অবুঝ, কেউ অতি অগভীর
কেউ বড় বেশি শান্ত, কেউ সবেতে অধীর।
আমার প্রিয়া ঝর্ণা খুশির, পানীয় নেশার
কানে মোর শোনায় সদাই, সে আমার, আমার, আমার...

পটে আঁকা ছবি তার শখ, সে তাকিয়ে থাকে
আমি অত বুঝি না ছবি, শুধু দেখি যে তাকে।
আমার প্রিয়া ঝর্ণা খুশির, পানীয় নেশার
কানে মোর শোনায় সদাই, সে আমার, আমার, আমার...

ভাবে তার কত কী যেনই সে শিখিতে যে চায়
যদিও জানি আমি তা ছল, শুধু শেখাতে আমায়।
আমার প্রিয়া ঝর্ণা খুশির, পানীয় নেশার
কানে মোর শোনায় সদাই, সে আমার, আমার, আমার...

[১৯৭২]

বলো তবুও কি রয়েছে (গান)

গান- বলো তবুও কি রয়েছে
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

বলো তবুও কি রয়েছে চাওয়ার?
তুমি জানো না কি বেশি কিছু আর
হয় নি মোদের আজও দেবার অধিকার।

বলো তবুও কি রয়েছে চাওয়ার?


শুধু মনকে মনের ভালোলাগা,
তাই নিয়ে বৃথা রাত জাগা।
এলোমেলো স্বপ্নে দহনে
পাই না ভেবে আমি কার।

বলো তবুও কি রয়েছে চাওয়ার?

যেন তোমার উজল দুটি চোখে
ভরে মোর হৃদয় আলোকে।
দুঃসহ আশার বাঁধনে
ধরা আমি দেই বারেবার।

বলো তবুও কি রয়েছে চাওয়ার?
[মুর অ্যাভেনিউ, কলকাতা ১৯৮৭]

কুহু কুহু ডাকে (গান)

শিরোনাম- কুহু কুহু ডাকে
কথা ও সুর- একটি জার্মান শিশুসঙ্গীত অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

কুহু, কুহু, ডাকে বনে
কুহু, কুহু, ডাকে বনে।


ফাল্গুনের এই গান
ওই ধরেছে তানে,
শুনে যে চঞ্চল
হল সবার প্রাণ,
কুহু, কুহু, কার বিহনে
কুহু, কুহু, ডাকে বনে।

কুহু, কুহু, ডাকে বনে
কুহু, কুহু, ডাকে বনে।

চল মিলে সবে
যাই কলরবে,
মেলাব সুর আজ
গানের উৎসবে,
কুহু, কুহু, সবার মনে
কুহু, কুহু, ডাকে বনে।

[বাড কনেফ, ১৯৭৯]

যাস কোথা তুই (গান)

শিরোনাম- যাস কোথা তুই
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৬ [১]
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র

[১] এই কভারে গানটি "কীসের এত তাড়া" নামে সঙ্কলিত হয়।

দ্বিতীয় প্রকাশ- ২০০৪ [২]
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

যাস কোথা তুই, কীসের এত তাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া...
ওরে হেঁই!

যাস কোথা তুই...

চৈত্রবেলার কৃষ্ণচূড়া ফুল
ফাগুন খেলায় মেতেছে আকুল,
মাতাল কোকিল বসন্ত কুহুতানে
পাগল হাওয়ায় কোন সে দোলা আনে
প্রাণে কি তোর পাস না কিছুর সাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া... ওরে হেঁই!

যাস কোথা তুই...

কোমল হাতের কাঁকন রিনিঝিন
সুরের আবেশ জাগায় সে রঙিন,
দুটি চোখের মদির ছোঁয়া তার
বাকি কিছুই রাখল না চাওয়ার
সময় এমন কেমনে যায় ছাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া... ওরে হেঁই!

যাস কোথা তুই.. 

[১৯৭৫]

টুকরো কথা
১৯৯৬ ও ২০০৪ ভার্সানের কথায় সামান্য পার্থক্য রয়েছে। কী কী, তা নীচে দেখানো হল:

১৯৯৬ [১]
২০০৪ [২]
"ফাগুন খেলায় মেতেছে আকুল""আগুন খেলায় মেতেছে আকুল"
"সুরের আবেশ জাগায় সে রঙিন""সুখের আবেশ জাগায় সে রঙিন"

মানবোনা আমি (গান)

শিরোনাম- মানবোনা আমি
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

কখনও বসে ভাবি কেন মোরে
রয় ঘিরে বেড়া নিষেধের,
এ কোরোনা ও কোরোনা দিয়ে বাঁধা মন
আহা পায় না নিজেকেই টের।

মানবোনা আমি মানবোনা এই অবুঝের সংস্কার চাপা পড়া মনটার,
মানবোনা আমি মানবোনা কোনও শাসনের দাবীটুকু তার।


সহজ হতে চেয়ে সহজের পথ ছেড়ে
হলেম জটিল তো ঢের,
যা জানিনি যা বুঝিনি, জানব তা বুঝব তা,
শেষ করে সংশয়ের।

মানবোনা আমি মানবোনা...

পাবোনা কিছুই হয়তো তবু সেই
না পাওয়ার স্বাদ যে সুখের,
চাওয়া দিয়ে দিয়ে ঘেরা শেষ হবে শত পেয়ে
আরও না পাওয়ার অসুখের।

মানবোনা আমি মানবোনা...

[কলকাতা, ১৯৬৯]

মনে কি পড়ে (গান)

শিরোনাম- মনে কি পড়ে
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

মনে কি পড়ে কোনও অবসরে
কেটেছিল দিন কত খেলা ভরে

কী ছিল চাওয়ার হয় নি তো চাওয়া
বৃথা বয়ে বেলা গেল।

কখনও দুজনে কী ভেবে মনে
চোখে চোখে থেমে গেছি অকারণে

অজানা সে কোন পুলকে ভেবেছি
এ কী খেলা তুমি খেলো।

এখন একেলা, এ অলসবেলা
পড়ে আছে শুধু মন নিয়ে খেলা

হৃদয়ে তোমার আজও যদি কিছু
বাকি থাকে বলে ফেলো।

কখনও শ্রাবণে, ব্যথা যদি মনে
ঝরে পড়ে ঝরো ঝরো বরিষণে

যত কিছু পাওয়া সব ভুলে তুমি
ভাবনা কোথা কি মেলো?

[১৯৭১]

বৃষ্টিধারার গান (গান)

শিরোনাম- বৃষ্টিধারার গান
কথা ও সুর- পল সাইমনের "Kathy's Song" অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

শুনি যে বৃষ্টিধারার গান
স্মৃতি মোর যেন ঝরে,
কোমল উষ্ণ অবিরাম
দ্বারে মোর আঘাত করে।

মনের আশ্রয়ে বসি মোর
দুচোখের জানালা দিয়ে,
বৃষ্টি হৃদয় যে ধাঁধায়
বরষাঘন পথ পেরিয়ে।

যেন আমি রয়েছি দেশেই
কাছাকাছি তোমার অনুখন,
যবে তুমি আছ ঘুমিয়ে
পাশে শুয়ে আঁকি চুম্বন।

মোর গান হয় না তো লেখা শেষ
কেন লিখি যে ভাবি তাই,
মানি না নিজেই মানে যার
শুধু ছন্দ কথায় সাজাই।

দেখো তো দ্বিধা এ কি আমার
এসেছি এতকাল যা মেনে,
সংস্কারহীন একা আমি আজ
তোমাকেই শুধু সত্য জেনে।

দীর্ঘ পথশ্রান্তিতে দেখি
মৃত্যু যে বৃষ্টি ফোঁটার
আমিও তো এ বৃষ্টি যেমন,
না পেলে প্রেরণা তোমার।

[১৯৭০]


টুকরো কথা
১৯৬৩ সালে পল সাইমন বান্ধবী ক্যাথলিন চিটি-র উদ্দেশ্যে লিখেছিলেন "Kathy's Song". '৬৬ সালে সাইমন-গারফাঙ্কেলের Sounds of Silence অ্যালবামে গানটির প্রথম প্রকাশ।

কেটে গেছে কত না বছর (গান)

শিরোনাম- কেটে গেছে কত না বছর
কথা ও সুর- অরুণেন্দু দাস


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৮
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

কেটে গেছে কত না বছর 
এল গেল কত ঘটনাই,
তবুও তোমার স্মৃতি মনে যে প্রখর 
আমি তাই ফিরে দেখা পেতে চাই।

রঙিন আলোর নীচে নয়,
নয় কোনও স্বপ্নে আশায়
থাকবে না কোথা কিছু হারানোর ভয়,
কভু যদি বা আবার দেখা পাই।

কেটে গেছে কত না বছর...

কখনও কারন ছিল মোর
মুখোমুখি পৃথিবীর আজ,
এলোমেলো এ জীবন বয়ে বেড়ানোর-
বুঝি জানাবো নিজেকে শুধু তাই।

কেটে গেছে কত না বছর...

[১৯৭৯]

গানে গানে গল্পে (গান)

গান- গানে গানে গল্পে
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ-২০০৮
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

গানে গানে গল্পে গো
আজ ছাড়ব না আর অল্পে
(আহা) এমনি সুখের স্বাদ,
কিনা ছিল আমার বাদ।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

পথে পথে পান্থ
আজ হলেম আমি ক্লান্ত
(বুঝি) ভাঙল সে খেয়াল,
তোমায় পেলেম চার দেয়াল।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

মেপে মেপে মনকে মোর
দিতেম জনে জনকে
(হল) এখন বেদখল,
তুমি কাড়লে যে সকল।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

জ্ঞানে জ্ঞানে বিজ্ঞ,
আমি ছিলেম অনভিজ্ঞ
(আমার) সকল জানার সার,
ছিল বাকি যে জানার।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

[লন্ডন, ১৯৭৪]

আমার গিন্নি (গান)

গান- আমার গিন্নি
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং


প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

বড়ি দিয়ে তরকারি
খেতে ভালো লাগে ভারি
কিন্তু উপায় এখন আমায় রেঁধে কে খাওয়ায়?
আমার গিন্নি যদি রান্না করেন, মুখে তোলাই দায়।

মিঠে গলার গান আমার
শুনতে ভাল লাগে যে তার
কী আর করা, এখন আমায় গেয়ে কে শোনায়?
আমার গিন্নি যদি গলা ছাড়েন ঘরে টেকাই দায়।

কচিলতা অঙ্গ বেয়ে
শাড়ি ভালো দেখতে চেয়ে
হায় বেচারি এখন আমায় সেজে কে দেখায়?
আমার গিন্নি যদি সাজেন-গোজেন দুচোখ মেলাই দায়।

ওগো মা করি কী উপায়?

[১৯৭০]

টুকরো কথা
১৯৭৫ সালে ইংল্যান্ডবাসী রবীন্দ্রসঙ্গীত শিল্পী আরতি ভট্টাচার্যের বাড়ির ঘরোয়া আসরে তিনি উপস্থিত ছিলেন সুচিত্রা মিত্র। সেখানে অরুণদার 'বড়ি দিয়ে তরকারি' শুনে তিনি বলেন "আরে, এ গান তো বাংলার যুবকদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত!"