অরুণেন্দু দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরুণেন্দু দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হল যে প্রভাত (গান)

গান- হল যে প্রভাত
বাংলা অনুবাদ-
অরুণেন্দু দাস
কথা ও সুর- প্রচলিত স্কটিশ প্রার্থনাসঙ্গীত "Morning Has Broken" এর অনুপ্রেরণায়।

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

হল যে প্রভাত,শান্ত এ প্রভাত
ফুলে ফুলে আর কাকলিতে
মহিমা গাই তার, কৃপা নিয়ে যার
এলো এ প্রভাত পৃথিবীতে।

শিশিরে ভেজা সোনালি আলো,
মধুরতা যায় ছুঁয়ে প্রাণে,
স্মরণে আমার করুণা যে তাঁর
পুলকে হৃদয় ভরে আনে।

আমার এ প্রভাত, আমার এ আলো,
পরশ এ যে তার ভালোবাসার
প্রাণে আমি তাইপ্রেরণা যে পাই
প্রতি প্রভাতে নবীন আশার।

[কিডব্রুক গ্রোভ, ১৯৭২]

আমি ভান করি (গান)

গান- আমি ভান করি
কথা ও সুর- পল সাইমনের "Flowers Never Bend with the Rainfall" অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

প্রকাশ

অপ্রকাশিত

গান

ঘুমের আবছা আঁধার পথ
পেরিয়ে চলে ভাবনা রথ
ঘিরে অস্থির কত যে মত, এ আমার মন।

আমি জানি না আসল কী যে,
যা দেখি পাইনা ছুঁতে নিজে
মিথ্যা মায়াতে করি যে আত্মগোপন।

তাই আমি ভান করি যে, ভান করি যে সদাই
যেন মোর জীবনের শেষ নাই
নুয়ে পড়ে না ফুল কোনওটাই বৃষ্টিধারায়।

ছায়া পড়ে মোর আয়নায়
বিবর্ণ ও শীর্ণকায়
মনে সন্দেহ জাগায় এ আমি নই,

ঈশ্বর-সত্য-ন্যায়ের আলো
করে দৃষ্টি মোর ঘোরালো
সাথী করে রাতের কালো, দিক হারাবোই।

তাই আমি ভান করি যে, ভান করি যে সদাই
যেন মোর জীবনের শেষ নাই
নুয়ে পড়ে না ফুল কোনওটাই বৃষ্টিধারায়।

কী যায় আসে, জন্ম গ্রহে
কেউ বিশিষ্ট কেউ বা নহে
তফাত সামান্যই যে রহে সুখ আর দুখে;

তাই স্বপ্ন অলীক ছেড়ে
বরণ করি বাস্তবেরে
উটকো আমি হয়েই বেড়ে ধরার বুকে।

তাই আমি ভান করি যে, ভান করি যে সদাই
যেন মোর জীবনের শেষ নাই
নুয়ে পড়ে না ফুল কোনওটাই বৃষ্টিধারায়।

[১৯৭০]

আরও ভালোবাসবো তোমায় (গান)

গান- আরও ভালোবাসবো তোমায়
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা


যবে ক্লান্ত তোমার দেহ, অবসাদ মনে, কিছু আর নাই যে চাওয়ায়
আমি দুহাতে তখন বেঁধে বক্ষে আমার আরও ভালোবাসবো তোমায়।

শীতল অধরে তব তপ্ত অধর মোর উষ্ণতা জাগাবে আবার,
কম্পিত অনুভবে জানাবে হৃদয় রয়ে গেছে আরও যে পাওয়ার।

যবে ক্লান্ত তোমার দেহ...

আমার দু'চোখে ডুবে দৃষ্টি তোমার পাবে সন্ধান আরও অজানার,
স্তিমিত চেতনা জুড়ে উঠবে জেগে কত সাধ বাধা না মানার।

যবে ক্লান্ত তোমার দেহ...

[১৯৭৫]

দুটো মিষ্টি কথা (গান)

গান- দুটো মিষ্টি কথা
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

দুটো মিষ্টি কথা আর মিষ্টি গানে এত উন্মাদনা কেন পাই?
এতবার শুনেছি তবু একই কথা আরও একবার শুনিতে যে চাই।

কাছে আসা দিন কত যায় চলে দূর
ফুরায় না কভু এই কথা আর সুর

আশা আর খেয়ালে আমরা দুজন অবিরাম মালা গেঁথে যাই
এতবার শুনেছি তবু একই কথা আরো একবার শুনিতে যে চাই।

[১৯৫৯]

আসবো না আসবো না (গান)

গান- আসবো না আসবো না
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

আসবো না আসবো না আর ফিরে আমি
ফিরে এলেই চলে হয় যেতে পাছে
দূরেই আমি যাবো, দূরেই থেকে শুধু
মনে মনেই রব সবার কাছে।

তোমরা আমার আর আমি যে তোমাদের
এই ভাবনার স্বান্তনাটুকু ঢের
বেশি কী বা তার আর আমার চাওয়ার আছে?

আসবো না আসবো না আর ফিরে আমি
ফিরে এলেই চলে হয় যেতে পাছে
দূরেই আমি যাবো, দূরের থেকে শুধু
মনে মনেই রব সবার কাছে

[বম্বে, ১৯৭১]

আছে মোর কিছু সুর (গান)

গান- আছে মোর কিছু সুর
কথা- অরুণেন্দু দাস
সুর- একটি গসপেলের সুর অনুসারে।

রেকর্ড

অপ্রকাশিত

কথা

আছে মোর কিছু সুর, আর আছে শুধু প্রেম
তাইতো ভালোবেসে আমি এই গান তোমায় দিলেম।

চারদিকে সবকিছু যখনই আমার, ঠেকে যেন এলোমেলো ভুল,
কোনদিকে যাব তার দ্বিধা আর সংকোচে ভেবে কোনও পাই না যে কূল।
ঝেড়ে ফেলে মন থেকে যা কিছু আশঙ্কার গুনগুন তুলে তান যেই,
প্রাণ খুলে ধরি গান, যত বাধা বন্ধ কিছু আর ধারে কাছে নেই।

আছে মোর কিছু সুর, আর আছে শুধু প্রেম
তাইতো ভালোবেসে মোর এই গান তোমায় দিলেম।

দুঃখে আঘাতে মনে যখনই আঁধার, চেপে ধরে হৃদয়টা মোর
সবই ঠেকে বিস্বাদ, নিষ্প্রাণ, যেন আর এ জীবনে আসবে না ভোর।
যেমনই হঠাৎ তুমি আসো মোর ভাবনায় খুশির হাসিতে অকৃপণ,
সরে যায় যত ব্যথা বেদনার সংকেত ফিরে পাই উৎসাহী মন।

আছে মোর কিছু সুর, আর আছে শুধু প্রেম
তাইতো ভালোবেসে আমি এই গান তোমায় দিলেম।

[কনগ্রিভ রোড, ১৯৮০]

ঘুমাওরে নীলা (গান)

গান- ঘুমাওরে নীলা
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

কালো বলে ভালোবাসা দিতে যদি কারও প্রাণে সংশয়
চোখদুটি তার আছে শুধু জেনো, হারায়েছে সে হৃদয়।

ঘুমাওরে, ওরে ঘুমাওরে নীলা, ভাবনার কিছু নাই
এত রঙ আছে এই পৃথিবীতে কোন রঙ বলো চাই?


মানুষ যে মোরা নানা গুণে তাই সদা তার পরিচয়
সে গুণ হারালে কোন রঙে তার কতটুকু বলো রয়?

ঘুমাওরে, ওরে ঘুমাওরে নীলা...

শত মানুষের ভিড়ে যবে বেছে নেবে তুমি একজন
বাহিরে যে রঙে ধরা দিক, যেন ভুলো না রঙিন মন।

ঘুমাওরে, ওরে ঘুমাওরে নীলা...

[১৯৭৬]

টুকরো কথা
তাঁর তিন মাস বয়সী কন্যা নীলার জন্য গানটি লেখেন অরুণদা।

চলার এ পথে (গান)

গান- চলার এ পথে
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

সুদূরে আমি চলব আজ,
পিছু ফেরা তো জানবো না

চলার এ পথে যত বাধা
আমি তা আজি মানবো না।


দুঃখ যদি হয় সাথী,
ঝড় যদি নেভায় বাতি
অন্ধকার সে মানবে হার,
শঙ্কা মনে আনবো না।

চলার এ পথে যত বাধা...

ব্যর্থতা যদি আসেই,
রয় সফলতা পাশেই
নির্দ্বিধার এ দিন আমার,
কল্পলোকে টানবো না।

চলার এ পথে যত বাধা...
[কলকাতা, ১৯৫৯]

এটাই তো মোর ভবিষ্যত (গান)

গান- এটাই তো মোর ভবিষ্যত
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

ভবিষ্যত আর খুঁজব কোথায়, এটাই তো মোর ভবিষ্যত
পার হয়ে এসেছি যবে, যা ছিল পার হতে পথ।

বর্তমানের শুধুই খেলা
ভবিষ্যতের না হয় হেলা
থাকব কোথায়, সঙ্গী কে বা এ ছাড়া নেই অন্য গত।
সে খেলার আর নেই প্রয়োজন, এটাই তো মোর ভবিষ্যত
পার হয়ে এসেছি যবে, যা ছিল পার হতে পথ।

এখন আমার নিজের মত
কাজ-অকাজে থাকব রত
জানতে মোটে চাইব না আর, করছি যা তায় কার কী মত।
নেই কিছু ভয় হারাবার, এটাই তো মোর ভবিষ্যত
পার হয়ে এসেছি যবে, যা ছিল পার হতে পথ।

ডেকো তোমার যখন খুশি,
কাউকে যেন আর না দুষি
কারোর কাছে না রাখি দোষ, আর সবই আজ স্বপ্নবৎ।
তোমার সাথে মিলব এবার, এটাই তো মোর ভবিষ্যত
পার হয়ে এসেছি যবে, যা ছিল পার হতে পথ।

ভবিষ্যত আর খুঁজব কোথায়, এটাই তো মোর ভবিষ্যত...

[২০০৭]

জীবন বয়ে যায় (গান)

গান- জীবন বয়ে যায়
কথা-
অরুণেন্দু দাস
সুর- ?
রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

আমি জানিনি তো তুমি ছিলে পাশে
ডুবে রয়েছিলেম আমার আপন আশে
আর স্বপ্ন কতই না নিয়ে যে সাথে হায়,
জীবন বয়ে যায়।

কত কী চাওয়া আর কত কী যে পাওয়া
শুধু তারই স্রোতে আমার তরী বাওয়া
জানি নে কোথা কূল তাই শ্রান্তিতে যে হায়,
জীবন বয়ে যায়।

কিছু ভুল কিছু ঠিক একে একে জমি
যা ছিল মোর স্বপ্ন ধীরে আসে কমি
হঠাৎ অনুভবে তুমি জানালে হায়,
জীবন বয়ে যায়।

কত ভালোবাসা হয়ে তো এল ম্লান
কত সুর ভুলে মোর থেমে যে গেল গান
সবই তবে বৃথা করে কি দিতে হায়,
জীবন বয়ে যায়।

এখনও কি ঈশ্বর রবে সাথে আমার
ছেড়ে যবে গেছে মোরে সকলে আর
ফুরালো সব চাওয়া, তবু কেন যে হায়,
জীবন বয়ে যায়।

[১৯৭১]

আজও আছ তুমি (গান)

গান- আজও আছ তুমি
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

ছিলে সাথী হয়ে মোর এতকাল জানি আজও আছ তুমি তাই
শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই।


কখনও হঠাৎ শুনি যেন কিছু বলে গেলে তুমি মোরে,
সমুখে কখনও দেখা দিয়ে যাও, পলকে আড়ালে সরে

এত ভালোবাসা মনে নহে মিটিবার কেমনে তা ভুলে যাই,
শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই।

চলেছে পৃথিবী যেমন চলার চলেছি আমিও সাথে,
আশা উৎসাহ নিস্প্রভ প্রাণে, একাকার দিনে-রাতে

আছে সকলি সাজানো চারিপাশে তবু কোনওকিছু যেন নাই,
শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই।

ছিলে সাথী হয়ে মোর...
[২০০৬]

দেখেছ কি কভু (গান)

গান- দেখেছ কি কভু
কথা- অরুণেন্দু দাস
সুর- Ralf McTell এর "Streets of London" অবলম্বনে।

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

দেখেছ কি, কভু কোনও পথচলা বৃদ্ধের শূন্য নয়নে নিঃসঙ্গ জীবন?
পৃথিবীর কাছে তার কোনও দাবী নেই আর, সুদূর অতীতে কোথা পড়ে আছে মন।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখেছ কি, কী যাতনা অসহায় তরুণের, জীবনের পথে বৃথা খোঁজা সংস্থান?
শুধু অনুকম্পাতে শুন্য সবল হাতে ক্ষয়ে যেতে থাকা দিনে সঁপে দেওয়া প্রাণ।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখেছ কি কী বেদনা আশাহত তরুণীর, কনে দেখা আলোতে আঁধারে কাটে দিন
ভুলে যাওয়া অভিমানে, মেনে নেওয়া অপমানে, বৃথা বয়ে যাওয়া রাতে বাসনা বিলীন।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখোনি কি কভু কোনও অতি কৃতকার্যতা, সাথে নিয়ে বসে থাকা একাকী হৃদয়?
কত আলো তাকে ঘিরে, শত স্তাবকের ভিড়ে, ভালোবেসে নেই কেহ করে নিতে জয়।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

[লন্ডন, ১৯৭৪]

গান হয়ে যায় আজ (গান)

গান- গান হয়ে যায় আজ
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত


কথা

গান হয়ে আজ যা কিছু বলার মোর, যা কিছু ভাবনায়
যেন এ হৃদয় গেল আকাশে মেলি, পুলকের শিহরণ লাগে গায়।

চপল তব আঁখিদুটি, কোন সুদূরে সদা ধায়
সহসা বাঁধন সব টুটি মোর মন সাথী হতে চায়।
ক্ষণে ক্ষণে মনে শুনি দূরে কে বাঁশি বাজায়
মানে না এ মন আপনারই পৃথিবীর কোনও সীমানায়।

ম্লান হয়ে যায় আজ যা কিছু বিফল মোর, যা অপূরণ বাসনায়
যেন এ জীবন কারও পরশে নতুন, দ্বিধা সব অকারণ ঘুচে যায়।

চপল তব আঁখিদুটি, কোন সুদূরেই সদা ধায়
সহসা বাঁধন সব টুটি মোর মন সাথী হতে চায়।
ক্ষণে ক্ষণে মনে শুনি দূরে কে বাঁশি বাজায়
মানে না এ মন আপনারই পৃথিবীর কোনও সীমানায়।

[মুর অ্যাভেনিউ, কলকাতা ১৯৬৯]

বার বার তুমি (গান)

গান- বার বার তুমি
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

অপ্রকাশিত

কথা

বার বার কত আর 
তুমি ফেরাবে আমার ভাবনা তোমাকে ঘিরে?
আমি আবার এসেছি ফিরে।

হয়ত বা মনে ছিল নিছকই খেলা
সবই যাবে অগোচরে কখনও ফেলা।
শত চেনা-অচেনার স্মৃতির ভিড়ে,
আমি আবার এসেছি ফিরে।

বার বার কত আর...

হয়ত দেখোনি চেয়ে মনে আপনার
গোপন হৃদয়ে কোথা মেনেছ যে হার।
কখন পড়েছ ধরা নিভৃতে ধীরে,
আমি আবার এসেছি ফিরে।

বার বার কত আর...
[১৯৮০]

বেশ তবে যাও (গান)

গান- বেশ তবে যাও
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম-
অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা
 

যদি চাও, বেশ তবে যাও 
যাবার আগে এ শুধু জানাও 

এ হৃদয়ে তোমার গাঁথা আছে যতনে অনেক 

দুজনার দিনগুলি এই, হয়ে নানা রঙে অনুলেখ।

জীবনে কখনও যদি দূর,
জুড়ে মন রব কাছে তাও।
যদি চাও, বেশ তবে যাও
যাবার আগে এ শুধু জানাও...


যে কখনও আবার দেখা হবে তখনও রঙিন 

রিমিঝিম বৃষ্টিধারায় বয়ে আনা অতীতের দিন।

বেদনার স্বাদ কী মধুর
কোনও ক্ষোভ রবে না কোথাও।
যদি চাও, বেশ তবে যাও
যাবার আগে এ শুধু জানাও...

যদি চাও...

[১৯৭৮]

সে ভেবেছিল (গান)

গান- সে ভেবেছিল
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

সে ভেবেছিল বুঝি মনে তার ভালোবাসা কিছু নেই,
তাই সে কখনও দেয় নি তো ধরা কারও ভালোবাসাতেই।

হঠাৎ মনের এ কী হল তার,
আকুলতা আরও কিছু পাবার
গুন গুন ফাল্গুন এসে তোলে হাহাকার।

সবই তো রয়েছে তবু মনে হয় কিছু যেন আর নেই,
হায় রে কখনও ধরা দিত যদি কারও ভালোবাসাতেই।

যত ঠিক আজ বেঠিক হয়,
হিসেবের পাতা পড়ে যে রয়
আপনি আপনার কি সে পেল পরিচয়?

ভালোবেসে যদি নাই নিল যদি কিছুরই তো দাম নেই,
নিজেকে খোঁজা যে হারাতেই শুধু কারও ভালোবাসাতেই।

[১৯৭০]

ভোলা যায় সব (গান)

গান- ভোলা যায় সব
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না।
দুরাশার দুরাচারে দাগা খাই বারে বারে,
তবুও সে জুড়ে থাকে হৃদয়ের আয়না।

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না...

এত গাই আমি তবু কখনও সে গায় না
মোর কাছে কোনও কিছু নেই তার বায়না।
যত সে এড়িয়ে চলে, তত যাই কত ছলে
ভুলেও কখনও কেন মোর পানে চায় না?

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না...


[বি.ই. কলেজ, শিবপুর, ১৯৬০]

মাঝে মাঝে মোরে (গান)

গান- মাঝে মাঝে মোর
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

মাঝে মাঝে মোর এই চিঠি-চিঠি চাওয়া
কিছু কি লেখার নেই, নাকি ভুলে যাওয়া?


যদিও তোমার মন রয়েছে জড়িয়ে
দিকে দিকে এখন পৃথিবী ছড়িয়ে।

(তবু) মাঝে মাঝে মোর এই...

বুঝি এ আমার ভুল, ধরে রাখা মনে
ঝরে গেছে যেই ফুল আকুল যতনে।

(তবু) মাঝে মাঝে মোর এই...

মিছে তবে গান মোর, যদি এর সুরে
না থাকে জাগানোর কারও কথা দূরে।

(তবু) মাঝে মাঝে মোর এই...

[১৯৭৫]

মাগো তোমায় (গান)

গান- মাগো তোমায়
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

মাগো তোমায় যে যাই বলুক, ক্ষ্যাপা নয় খেয়ালহারা,
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।


এই পৃথিবী পেল আমায় তোমার প্রেম আর অনুরাগে,
ভরলে আমার জীবন তুমি ভালোবাসায় সবার আগে।
ছিনিয়ে আমায় তোমার থেকে, কী ভালো চাইল কারা?
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...

যা কিছু মোর সার্থকতা সবই তোমার আশীর্বাদে,
দেখব তোমায় সুখী আমার রয় সে স্বপন সকল সাধে।
সিক্ত আমায় করুক সদাই, তোমার ওই স্নেহের ধারা,
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...


জন্মভূমির চাইতে বড় স্বর্গাদপি গরিয়সী
থাকতে আমি সাধ্য কী মোর সেই মায়ে কেউ মাখায় মসী।
তোমায় যারা করল পাগল, মোরে কি ছাড়বে তারা?
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...
[মুর অ্যাভেনিউ, ১৯৮৭]

চুপে চুপে এসো (গান)

গান- চুপে চুপে এসো
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

চুপে চুপে এসো হৃদয়ে, ওগো, চুপে চুপে
ধীরে, ধীরে ধীরে
ধীরে, আরও ধীরে
চুপে চুপে এসো হৃদয়ে, ওগো, চুপে চুপে।

ছুঁয়ে ছঁয়ে যাও গো আমায়, প্রাণে, ছুঁয়ে ছুঁয়ে
মৃদু, মৃদু মৃদু
মৃদু আরও মৃদু
ছুঁয়ে ছুঁয়ে যাও গো আমায়, প্রাণে, ছুঁয়ে ছুঁয়ে।

একে একে যায় যে প্রহর, যাক না, একে একে
সুখে, সুখে সুখে
সুখে, আরও সুখে
একে একে যায় যে প্রহর, যাক না, একে একে।

চুপে চুপে এসো হৃদয়ে, ওগো, চুপে চুপে।

[১৯৫৮]